এক যন্ত্রেই মিলবে সুপেয় পানি ও পরিবেশবান্ধব জ্বালানি
ময়লা পানি পরিষ্কার করে সেটিকে হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করতে পারে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যুগান্তকারী এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে ‘হাইব্রিড ফটোথার্মাল-ফটোক্যাটালিস্ট শিটস ফর সোলার ড্রিভেন ওভারল ওয়াটার স্প্লিটিং কাপলড টু ওয়াটার পিউরিফিকেশন’ শীর্ষক নতুন গবেষণাপত্রে, যা সোমবার প্রকাশ পেয়েছে ‘নেচার ওয়াটার’ নামের বিজ্ঞান সাময়িকীতে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী যন্ত্রটির মাধ্যমে উদ্ভিদের ‘ফটোসিন্থেসিস’ প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আলো ও তাপ শোষণের জন্য ব্যবহৃত কার্বনের জাল দিয়ে পানির অনুকূল ব্যবস্থার পাশাপাশি ‘ফটোক্যাটালিস্ট’-এর মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি তৈরি করা হয়।
ডিভাইসটি নিয়ে উদ্ভাবক দলের সদস্য ‘ইউনিভার্সিটি অব কেমব্রিজ’-এর রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষণাপত্রের সহ-লেখক শ্যানন পর্নরানগ্রজ বলেছেন, “এই প্রক্রিয়ায়, আমরা আগের চেয়ে ভালো উপায়ে আলো ব্যবহার করতে পারছি - আমরা এতে হাইড্রোজেন উৎপাদনের জন্যেও বাষ্প পাচ্ছি, এমনকি বাকি অংশে জলীয় বাষ্পও পাচ্ছি। এ উপায়ে আমরা এখন শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া যুক্ত করেছি, যার মাধ্যমে সত্যিকারের পাতাকেও অনুকরণ করা সম্ভব হচ্ছে।
এই যুগান্তকারী উদ্ভাবনের পেছনে কাজ করা গবেষকরা বলছেন, সিস্টেমটি সহজেই তৈরি করা গেছে, যেখানে বিশেষভাবে অত্যন্ত দূষণযুক্ত পানি নিয়েও কাজ করা সম্ভব হয়েছে। তারা আরও যোগ করেন, ডিভাইসটি এখনও তাত্ত্বিক পর্যায়ে থাকলেও টেকসই ভবিষ্যতের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







